তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। সাক্ষাতে নতুন দায়িত্ব গ্রহণ করায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।
বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্যমন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠকে অনুষ্ঠিত হয়।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই নেদারল্যান্ডসের সঙ্গে দেশটির সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। সময়ের সঙ্গে সেই সম্পর্ক শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বিস্তৃত হয়েছে। ভবিষ্যতেও এসব খাতে বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে। বিশেষ করে গণমাধ্যম ও যোগাযোগ খাতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার আগ্রহের কথাও তুলে ধরেন মন্ত্রী।
বৈঠকে বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বের নানা চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।
মন্ত্রী বলেন, নতুন মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকোসিস্টেমের দ্রুত বিস্তার নতুন বাস্তবতা তৈরি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া তথ্য ও অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়াও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ও সুস্পষ্ট কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা জানতে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল জানান, ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় নেদারল্যান্ডস নতুন নীতিগত কাঠামো ও কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি এক্ষেত্রে তার দেশের সরকারের গৃহীত বিভিন্ন কার্যকর পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে তথ্যমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।
পি/ডি