আন্তর্জাতিক

বৈরী আবহাওয়ায় ব্যাহত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপন

বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের বিভিন্ন কর্মসূচি ব্যাহত হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে বজ্রঝড়ের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত ভাষণ প্রায় দুই ঘণ্টা বিলম্বে শুরু হয়।

স্থানীয় সময় শনিবার (০৪ জুলাই) রাতে হাজারো মানুষের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসকে দেশের ইতিহাসের “সবচেয়ে আনন্দময় ও গৌরবময়” মুহূর্তগুলোর একটি বলে উল্লেখ করেন।

তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার প্রশংসা করে দাবি করেন, দেশটি ইরানের সামরিক শক্তিকে “সম্পূর্ণ ধ্বংস” করেছে।

ভাষণে তিনি ভোটারদের পরিচয়পত্র ও নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার লক্ষ্যে প্রস্তাবিত সেভ আমেরিকা অ্যাক্ট-এর পক্ষে সমর্থন চান। একই সঙ্গে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের সমালোচনা করে তাদের ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে বলেন, “এটা ক্যানসারের মতো, কেটে ফেলতে হবে।”

বিভিন্ন শহরে কর্মসূচিতে পরিবর্তন

নিউইয়র্ক সিটিতে বৈরী আবহাওয়ার আশঙ্কায় ৪ জুলাইয়ের আতশবাজির প্রদর্শনী নির্ধারিত সময়ের আগেই শুরু করা হয়। শেষ পর্যন্ত বৃষ্টি ও বজ্রপাত না হওয়ায় হাজারো মানুষ নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করেন।

অন্যদিকে কানেকটিকাট অঙ্গরাজ্যের হার্টফোর্ড এবং পেনসিলভানিয়ার হ্যারিসবার্গ ও উইলকস-ব্যারে শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়। বোস্টনে আতশবাজি দেখতে জড়ো হওয়া দর্শকদের সাময়িকভাবে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হলেও পরে অনুষ্ঠান পুনরায় শুরু হয়। পিটসবার্গেও বৈরী আবহাওয়ার কারণে আতশবাজির সময়সূচিতে পরিবর্তন আনা হয়।

ওয়াশিংটনে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়

বজ্রঝড়ের সতর্কতায় ওয়াশিংটন ডিসির অনুষ্ঠানস্থল থেকে দর্শনার্থীদের সাময়িকভাবে সরিয়ে কাছাকাছি জাদুঘর ও সরকারি ভবনে আশ্রয় দেওয়া হয়। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার ওয়াশিংটন মনুমেন্ট সংলগ্ন মাঠে ফিরে আসেন।

অনুষ্ঠানে প্রবেশের জন্য দর্শনার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। তীব্র তাপপ্রবাহের কারণে রাজধানীর কয়েকটি শোভাযাত্রা ও অন্যান্য অনুষ্ঠানও বাতিল করা হয়।

সমালোচনার মুখে ‘ফ্রিডম ২৫০’

এবারের স্বাধীনতা উদযাপনের বড় অংশের আয়োজন করে ট্রাম্প প্রশাসন-সমর্থিত ফ্রিডম ২৫০ সংগঠন। তারা ন্যাশনাল মলের বড় একটি অংশজুড়ে ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’-এর আয়োজন করেছে। সেখানে নাগরদোলা, রক্ষণশীল বিভিন্ন সংগঠনের প্রদর্শনী এবং প্রতিরক্ষা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল রাখা হয়েছে।

সংগঠনটির দাবি, এই আয়োজনের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে “বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ” হিসেবে তুলে ধরা হচ্ছে। তবে সমালোচকদের অভিযোগ, এতে মার্কিন ইতিহাসের দাসপ্রথা, বর্ণবৈষম্যসহ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আড়াল করা হয়েছে।

এদিকে অভিযোগ উঠেছে, কয়েকটি ডেমোক্রেটিক-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্য অনুষ্ঠানে প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রশাসন। রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে নির্ধারিত কয়েকজন শিল্পীও অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।

এছাড়া অনুষ্ঠানে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী সংগঠন প্যাট্রিয়ট ফ্রন্ট-এর সদস্যদের উপস্থিতিও নজরে আসে। তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, এ বিষয়ে কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন