ক্যান্সারে না ফেরার দেশে চিত্রশিল্পী আতিয়া ইসলাম
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই দেশের শিল্পাঙ্গনে আবারও নেমে এসেছে শোকের ছায়া। বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ৩টায় রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এই গুণী শিল্পী। তার প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে।
১৯৬২ সালে ঢাকায় জন্ম নেওয়া আতিয়া ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ থেকে ১৯৮২ সালে বিএফএ এবং ১৯৮৫ সালে এমএফএ সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি ১৯৮১-৮২ শিক্ষাবর্ষে চারুকলা ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষক হিসেবেও তিনি ছিলেন সমানভাবে নিবেদিত। দীর্ঘদিন ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুলে চিত্রাঙ্কন বিষয় পড়িয়েছেন। পাশাপাশি ধানমন্ডিতে প্রতিষ্ঠা করেন ‘ঝাঁপি স্কুল অব আর্ট’, যেখানে অসংখ্য শিশু-কিশোরকে চিত্রাঙ্কনের হাতে-খড়ি দিয়েছেন।
শিল্পচর্চার দীর্ঘ পথচলায় আতিয়া ইসলাম দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজের স্বাক্ষর রেখেছেন। গ্যালারি ২১, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং আলিয়ঁস ফ্রঁসেজে তার একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ১৯৮১ থেকে ২০০৯ সালের মধ্যে বাংলাদেশ, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও মিয়ানমারসহ বিভিন্ন দেশে ৬০টিরও বেশি যৌথ শিল্পপ্রদর্শনীতে তার চিত্রকর্ম স্থান পেয়েছে।
পি/ডি