ঢাকা থেকেই মনিটরিং হবে সারাদেশের এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
আগামীকাল বৃহস্পতিবার (০২ জুলাই) শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে ঢাকা থেকেই দেশের সব পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (০১ জুলাই) সচিবালয়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, দেশের সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় সিসিটিভি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সেখান থেকে দেশের যেকোনো প্রান্তের যেকোনো কেন্দ্রের পরীক্ষা সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
তিনি বলেন, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অভিন্ন বিষয়গুলোতেও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবেন। প্রশ্নফাঁস কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, যেকোনো দুর্যোগ, প্রশ্নফাঁস বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তিন সেট প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে। কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে স্থানীয় প্রশাসন পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে। পাশাপাশি পরীক্ষকদের দেওয়া নম্বরও পর্যবেক্ষণ করা হবে, যাতে কেউ অস্বাভাবিকভাবে বেশি বা কম নম্বর প্রদান না করেন।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে একটি কারিকুলাম কমিটি কাজ করছে। প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে পাঠ্যক্রমকে আরও যুগোপযোগী করা হবে।
এছাড়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হবে বলেও জানান তিনি।
এমএ//