দেশজুড়ে

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

ছবি: সংগৃহীত

গর্ভপাত করতে বাধ্য করায় কুমিল্লার চৌদ্দগ্রামে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার প্রেমিকার বিরুদ্ধে। এ ঘটনায়  প্রেমিকা নাঈমা জাহানকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম লক্ষ্মীপুর গ্রামের হাজী এনামুল হকের ছেলে।                                                                                               

পুলিশ জানিয়েছে, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় সিয়াম ও নাঈমার। পরে মোবাইল ফোনের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে তারা ঢাকায় কয়েকবার আবাসিক হোটেলে অবস্থান করেন। কিছুদিন পর নাঈমা গর্ভবতী হয়ে যায়। সম্প্রতি সিয়াম বিয়ের আশ্বাস দিয়ে জোর করে নাঈমার গর্ভপাত করান। এরপর থেকে নাঈমা বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) রাতে গোপনে সিয়ামের বাড়িতে যায় নাঈমা। এসময় দুইজন রাত্রিযাপন করে। ভোর ৫ টায় বিয়ে নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে নাঈমা সিয়ামের পেটে আঘাত করে। তাতে মারাত্মক জখম হন সিয়াম। স্বজনরা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে প্রবেশ করে সিয়ামকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাঈমাকে আটক করা হয়েছে।  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলে নাঈমাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

                           

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন