জাতীয়

প্রায় ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে

সংসদে লোডশেডিং এর কারণ জানালেন বিদ্যুৎ মন্ত্রী

ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটি এবং বঙ্গোপসাগরের উত্তাল আবহাওয়ার কারণে কয়লা খালাসে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জাতীয় গ্রিড থেকে প্রায় ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। এর ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে বিধি-৩০০ এর আওতায় দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিকেজ দেখা দেওয়ায় কেন্দ্রটি জরুরি ভিত্তিতে বন্ধ  করতে হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরের উত্তাল পরিস্থিতির কারণে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস করা সম্ভব হচ্ছে না। ফলে ওই কেন্দ্রের একটি ইউনিটও বন্ধ রয়েছে।

মন্ত্রী বলেন, এই দুই কারণে জাতীয় সঞ্চালন ব্যবস্থায় প্রায় ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ কমে গেছে। ফলে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং করতে হবে।

তিনি আরও বলেন, আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হলে লোডশেডিংয়ের মাত্রাও কমে আসবে।

এ সময় দেশের জনগণের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান মন্ত্রী।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন