গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
জয়পুরহাট সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে বন্দনা রানী (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার স্বামী রাজকুমারকে আটক করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, স্বামীর মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে।
রোববার (২৮ জুন) ভোররাতে সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দকী বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাজকুমার ও বন্দনা রানীর মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সেই বিরোধের একপর্যায়ে রাজকুমার স্ত্রীকে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে বন্দনা রানীর মৃত্যু হয় বলে দাবি পরিবারের।
ওসি নুরে আলম সিদ্দকী জানান, প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের কান দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টি দেখা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পি/ডি