৫২ বছর পর বিশ্বকাপে ফিরে ইতিহাস গড়ল কঙ্গো
৫২ বছর পর বিশ্বকাপের আসরে ফিরে এবার ইতিহাসই গড়ল কঙ্গো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট।
রোববার (২৮ জুন) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় কঙ্গো। তবে ম্যাচের ১০ মিনিটেই এলদর শোমুরোদভের গোলে এগিয়ে যায় উজবেকিস্তান।
প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও সমতায় ফিরতে পারেনি কঙ্গো। শেষ পর্যন্ত ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় আফ্রিকার দলটি। উজবেকিস্তানের ডিফেন্ডার আবদুকোদির খুসানোভ বক্সের মধ্যে ইয়োয়ান উইসাকে ফাউল করলে পেনাল্টি পায় কঙ্গো।
সমতায় ফেরার মাত্র ১০ মিনিট পরই ম্যাচে এগিয়ে যায় কঙ্গো। ফিস্টন মায়েলের গোলে ২-১ ব্যবধানে লিড নেয় তারা। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে বড় জয় নিশ্চিত করেন ইয়োয়ান উইসা।
এই জয়ের মাধ্যমে ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে নতুন ইতিহাস লিখল কঙ্গো। নিজেদের প্রথম বিশ্বকাপে তিন ম্যাচেই হেরেছিল তারা, যার মধ্যে যুগোস্লাভিয়ার বিপক্ষে ৯-০ গোলের লজ্জাজনক হারও ছিল।
তবে এবার শুরু থেকেই ভিন্ন বার্তা দিয়েছে আফ্রিকার দেশটি। প্রথম ম্যাচে শক্তিশালী পর্তুগালকে ১-১ গোলে রুখে দেওয়ার পর কলম্বিয়ার বিপক্ষে মাত্র ১-০ ব্যবধানে হারে তারা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিল ডিআর কঙ্গো।
পি/ডি