তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতাকর্মীর মরদেহ ভাসছে’— এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন, তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর মরদেহ ভাসছে— এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তবে বাস্তবে এ ধরনের কোনো ঘটনার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই।
পুলিশ সদরদপ্তর জানায়, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তাই যাচাই-বাছাই ছাড়া এমন কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানানো হচ্ছে।
এছাড়া, যারা এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএ//