মুরগির দাম কমেনি, স্বস্তি নেই মাছের বাজারে
নিত্যপণ্যের দামে রাজধানীর বাজারগুলোতে এখনো স্বস্তি ফিরেনি। মাছ ও মুরগির বাজার—সবখানেই বাড়তি দাম ধরে রাখা হয়েছে। বেশিরভাগ সবজির দাম কমেছে, ডিমও মিলছে আগের চেয়ে কম দামে।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
বাজারে এখন বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। চিচিঙ্গা ৪০ টাকা, আলু ৩০ টাকা, করলা ৫০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, পেঁয়াজ ৪০-৪৫ টাকা, কাঁচা মরিচ ৭০-৮০ টাকা এবং পটল ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
ডিমের বাজারেও স্বস্তি ফিরেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ১০ টাকা পর্যন্ত কমেছে ডিমের দাম। বর্তমানে লাল ডিম প্রতি ডজন ১২০ টাকা এবং সাদা ডিম ১১০ টাকায় বিক্রি হচ্ছে।
ডিম বিক্রেতা সোলায়মান বলেন, সরবরাহ আগের তুলনায় বেড়েছে। তাই পাইকারি বাজারে দাম কমেছে, খুচরাতেও তার প্রভাব পড়েছে।
সকালে রাজধানীর উত্তরা সমবায় বাজার ঘুরে জানা যায়, মুরগির বাজারে দাম আগের সপ্তাহের মতোই রয়েছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০-১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা, লেয়ার মুরগি ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে।
তবে গরু ও খাসির মাংসের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং ছাগল ও খাসির মাংস ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে বিক্রি হতে দেখা গেছে।
মাছের বাজারেও উর্ধ্বমুখি। বিশেষ করে ইলিশের দাম ক্রেতাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। আকারভেদে ইলিশ মাছ কেজিপ্রতি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
বর্তমানে চাষের পাবদা মাছ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা, চাষের শিং মাছ ৩২০ থেকে ৩৫০ টাকা, চাষের কৈ মাছ ২০০ টাকা এবং চাষের পাঙাস ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে।
আই/এ