রাজধানীতে শুরু হয়েছে তাজিয়া মিছিল
রাজধানীতে পবিত্র আশুরা উপলক্ষে শোক, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুরু হয়েছে।
শুক্রবার (২৬জুন) সকাল ১০টার পর আনুষ্ঠানিকভাবে মিছিলটি শুরু হয়। চার শতাব্দী পুরোনো হোসেনি দালান ইমামবাড়ায় ভোর থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত শিয়া মুসলিম জড়ো হন।
মিছিলটি হোসেনি দালান থেকে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
মিছিলে অংশ নেওয়া অধিকাংশ মানুষকে কালো পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। তাদের হাতে প্রতীকী ছুরি, আলাম, পতাকা বা নিশান, বেস্তা ও বইলালাম বহন করতে দেখা গেছে, যা কারবালার শোক ও স্মৃতির প্রতীক।
তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, সোয়াট, ফায়ার সার্ভিস এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। মিছিলের রুটজুড়ে ট্রাফিক পুলিশ ও সাধারণ পুলিশ সদস্যদের যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে।
উল্লেখ্য, আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ এবং আশুরা অর্থ দশম দিন। হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা শহীদ হন। সেই শোক ও ত্যাগের স্মরণে প্রতি বছর আশুরায় শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিলসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করে।
পি/ডি