চীনের সঙ্গে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের বেইজিং সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে কীভাবে চীন তার সর্বোচ্চ সহযোগিতা করবে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। মংলা বন্দরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। নতুন নতুন অর্থনৈতিক অঞ্চলে (ইকোনমিক জোন) কীভাবে চীন বিনিয়োগ করবে, সেটি নিয়েও আলোচনা হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন যে কোনো ধরনের সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে। তারা নদীর পানি ব্যবস্থাপনা নিয়েও বড় আকারে কাজ করতে চায়।
তিনি আরও বলেন, বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা হয়েছে। গার্মেন্টস শিল্পে কীভাবে আরও ভালো করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। চীনা ব্যবসায়ীরা বাংলাদেশের গার্মেন্টস শিল্পে কাজ করতে চায়। এছাড়া চীনে কাঠাল রপ্তানি করতে চায় বাংলাদেশ।
ড. মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দৃঢ়ভাবে কাজ করতে চীন আগ্রহ দেখিয়েছে। ব্রিকসে কীভাবে বাংলাদেশ অন্তর্ভুক্ত হতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়। এছাড়া চীনের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর জানান, বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি নিরাপত্তা হুমকি।
তিনি বলেন, এই সফর শুধু ঐতিহাসিকই নয়, এটি দুই দেশের সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যাবে।
আই/এ