লাইফস্টাইল

মাচা টি, গ্রিন টি নাকি ব্ল্যাক টি - ওজন নিয়ন্ত্রণে কোন চা বেছে নেবেন?

ছবি: সংগৃহীত

ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের চা যোগ করেন। কারও পছন্দ গ্রিন টি, কেউ আবার মাচা চা পান করেন। অন্যদিকে অনেকেই দুধ-চিনি ছাড়া লিকার বা ব্ল্যাক টি-কে স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বেছে নেন। তবে একই চা গাছ থেকে তৈরি হলেও এই তিন ধরনের চায়ের গুণাগুণ এবং শরীরে কাজ করার ধরন এক নয়।

গ্রিন টি দীর্ঘদিন ধরেই ওজন কমানোর সহায়ক পানীয় হিসেবে জনপ্রিয়। এতে থাকা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের বিপাকক্রিয়া সক্রিয় রাখতে সাহায্য করে। বিশেষ করে নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাসের সঙ্গে গ্রিন টি পান করলে অতিরিক্ত চর্বি ঝরানোর প্রক্রিয়া আরও কার্যকর হতে পারে।

অন্যদিকে মাচা চা মূলত গ্রিন টি-রই একটি ঘন ও শক্তিশালী সংস্করণ। এতে পুরো চা-পাতা গুঁড়ো করে পান করা হয় বলে পুষ্টি ও অ্যান্টি-অক্সিডেন্টের মাত্রাও বেশি থাকে। পাশাপাশি এতে থাকা ক্যাফেইন ও এল-থিয়েনিন দীর্ঘ সময় শরীরকে চাঙা রাখতে সহায়তা করে। যারা নিয়মিত জিম করেন বা ভারী শারীরিক ব্যায়াম করেন, তাদের জন্য মাচা চা ভালো একটি বিকল্প হতে পারে।

ব্ল্যাক টি বা লিকার চাও ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। গবেষণায় দেখা গেছে, এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা হজমশক্তি উন্নত করার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে। তাই যারা কড়া চায়ের স্বাদ পছন্দ করেন, তারা ব্ল্যাক টি বেছে নিতে পারেন।

তবে কোন চা আপনার জন্য সবচেয়ে উপযোগী হবে, তা নির্ভর করে ব্যক্তিগত পছন্দ, জীবনযাপন এবং ক্যাফেইন গ্রহণের সক্ষমতার ওপর। হালকা স্বাদের কিছু চাইলে গ্রিন টি ভালো পছন্দ হতে পারে। বেশি অ্যান্টি-অক্সিডেন্ট ও শক্তি পেতে চাইলে মাচা চা বেছে নেওয়া যায়। আর প্রচলিত স্বাদের মধ্যে স্বাস্থ্যকর বিকল্প খুঁজলে ব্ল্যাক টি হতে পারে উপযুক্ত।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, শুধু চা পান করেই ওজন কমানো সম্ভব নয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত শরীরচর্চার সঙ্গে এসব পানীয় যুক্ত হলে তবেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যেতে পারে।

                                                                

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন