আন্তর্জাতিক

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয়

একটি শিশুর জন্ম মানেই একটি পরিবারের জন্য নতুন স্বপ্ন, নতুন আনন্দ। এবার সেই আনন্দের মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের তামিলনাড়ু সরকার। সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে এই প্রকল্পকে রাজ্যের অন্যতম ব্যতিক্রমী জনকল্যাণমূলক কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে।

তামিল সমাজের দীর্ঘদিনের একটি সাংস্কৃতিক ঐতিহ্য ‘থাই মামান সির’। এই রীতিতে শিশুর জন্মের পর তার মামা আশীর্বাদ হিসেবে উপহার দেন। সেই ঐতিহ্য থেকেই অনুপ্রেরণা নিয়ে নবজাতকদের জন্য এই বিশেষ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

তামিলনাড়ু প্রশাসন জানিয়েছে, শিশুদের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও সামাজিক বন্ধনের প্রতীক হিসেবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের জন্মদিন ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব শিশু এই সুবিধার আওতায় আসবে।

তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৫ সেপ্টেম্বর, সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে।

এই প্রকল্প বাস্তবায়নে বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। নবজাতকের পরিবারকে একটি বিশেষ উপহার দেওয়ার পাশাপাশি তামিল সংস্কৃতির ঐতিহ্যকে আরও শক্তিশালী করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

মুখ্যমন্ত্রী বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাঘামের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই ছিল এই প্রকল্প। এবার সেই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন