ফুটবলের রাজা মেসির জন্মদিন আজ
ফুটবলের রাজা লিওনেল মেসির জন্মদিন আজ। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ের এই মহাতারকা ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন। আজ তিনি ৩৯ বছরে পা রাখলেন।
শৈশব থেকেই অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখা মেসি নিজের পরিশ্রম, নিষ্ঠা ও প্রতিভার বলে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছেন। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে একের পর এক রেকর্ড গড়ে তিনি বিশ্ব ফুটবলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। পরে পিএসজি হয়ে বর্তমানে ইন্টার মায়ামির জার্সিতে খেলছেন তিনি।
তবে মেসির ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় অধ্যায় রচিত হয় ২০২২ সালের কাতার বিশ্বকাপে। লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে তিনি শুধু আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসানই ঘটাননি, ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়ের বিতর্কেও নিজের অবস্থান আরও শক্ত করেছেন।
বিশকাপের চলতি আসরে ৩৯ বছর বয়সেও মেসি প্রমাণ করে চলেছেন, বয়স তার কাছে কেবলই একটি সংখ্যা। পাসিং, ফ্রি-কিক, খেলা নিয়ন্ত্রণ এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার অসাধারণ ক্ষমতা আজও তাকে অনন্য উচ্চতায় রেখেছে। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের ফুটবলেও নতুন মাত্রা যোগ করেছেন।
আন্তর্জাতিক ফুটবলে বারবার ব্যর্থতার মুখোমুখি হয়েও হাল ছাড়েননি মেসি। শেষ পর্যন্ত বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ সব বড় শিরোপা জিতে তিনি পূর্ণতা দিয়েছেন নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারকে। ৩৯তম জন্মদিনে বিশ্বজুড়ে ভক্তদের একটাই প্রত্যাশা—ফুটবলের এই জাদুকর আরও কিছুদিন মাঠ মাতিয়ে রাখুন তার অতুলনীয় শিল্পে।
পি/ডি