আ. লীগের কর্মসূচি ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজধানী ঢাকা-সহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২২ জুন) মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনা মোতায়েনের আওতায় থাকা জেলাগুলো হলো— ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর।

এদিকে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০০টিরও বেশি বিশেষ পিকেট ও চেকপোস্ট স্থাপন করা হবে। পাশাপাশি ঢাকায় প্রবেশের সব প্রধান সড়ক ও প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটও মাঠে সক্রিয় থাকবে। গোয়েন্দা শাখা (ডিবি) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে নজরদারি চালাবেন।
যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে রাজধানীর বিভিন্ন এলাকায় ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ডিএমপির চারটি প্রধান নিয়ন্ত্রণকক্ষে অতিরিক্ত পুলিশ সদস্য রিজার্ভ রাখা হবে।
পুলিশ সূত্র জানিয়েছে, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ১৮ হাজারের বেশি সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি গুজব বা উসকানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এমএ//