দেশজুড়ে

বিএনপি এমপির ছেলে ও যুবদল নেতা সজীব আটক

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্যর ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।  

রবিবার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

তিনি জানান, বিকেল ৫টার দিকে সজীবকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়।

এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে এনেছিলাম। বিষয়টি নিয়ে আমরা এখনও বিস্তারিত কিছু জানাতে পারছি না। এক ঘণ্টারও বেশি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে

এদিকে সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ‘সজীবকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন