বিশ্বকাপের ২য় ম্যাচে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের আভাস
বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে পাওয়া সেই জয়ের পর এবার গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার (২২জুন) বাংলাদেশ সময় রাত ১১টায়, ডালাস স্টেডিয়ামে।
এই ম্যাচকে সামনে রেখে শেষ অনুশীলন সেশনটি ‘ক্লোজডোর’ রেখেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে অনুশীলনের পর পাওয়া তথ্য বলছে, শুরুর একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে।
অনুশীলনে সবচেয়ে বেশি নজর ছিল ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েলের দিকে। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে তিনি সতীর্থদের সঙ্গে পুরো অনুশীলনেই অংশ নিয়েছেন। যদিও পুরোপুরি ফিট হলেও অস্ট্রিয়ার বিপক্ষে তাকে শুরু থেকেই মাঠে নামানোর ঝুঁকি নিতে চাইছেন না স্কালোনি। সেক্ষেত্রে তার জায়গায় ডানপ্রান্তের রক্ষণে দেখা যেতে পারে নাহুয়েল মোলিনাকে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মন্টিয়েল অনুশীলনে স্বাভাবিকভাবেই অংশ নিয়েছেন এবং ম্যাচের স্কোয়াডেও থাকবেন। প্রয়োজনে বদলি হিসেবেও মাঠে নামতে পারেন তিনি।
রক্ষণভাগে পরিবর্তনের পাশাপাশি আক্রমণভাগেও রদবদলের সম্ভাবনা রয়েছে। প্রথম ম্যাচে খেলা থিয়াগো আলমাদার জায়গায় সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস। প্রতিপক্ষের রক্ষণভাগের পেছনের ফাঁকা জায়গা কাজে লাগাতে তার গতি ও চলাফেরাকে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন স্কালোনি।
এছাড়া স্ট্রাইকার পজিশনেও পরিবর্তনের আভাস মিলেছে। চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামা হুলিয়ান আলভারেজ এবার শুরুর একাদশে জায়গা পেতে পারেন। সে ক্ষেত্রে বেঞ্চে যেতে হতে পারে লাউতারো মার্টিনেজকে।
তবে বড় কোনো পরিবর্তনের পথে হাঁটছেন না স্কালোনি। আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়া দলের মূল কাঠামো অপরিবর্তিত রাখারই সম্ভাবনা বেশি। গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণে দেখা যেতে পারে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনাকে। মাঝমাঠে দায়িত্ব সামলাবেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন অধিনায়ক লিওনেল মেসি।
এদিকে অনুশীলনে সন্তোষজনক উন্নতি হলে লিয়েন্দ্রো পারেদেস ও নিকোলাস তালিয়াফিকোও এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পেতে পারেন।
অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে আর্জেন্টিনা। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্কালোনির একাদশ নির্বাচন নিয়ে সমর্থকদের আগ্রহও তুঙ্গে।
পি/ডি