আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, ৪৮ ঘণ্টায় প্রাণ হারালেন ৫ ফিলিস্তিনি

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হামলা থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গেল ৪৮ ঘণ্টায় বিভিন্ন হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩ জন।

শনিবার (২০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে। এ সময়ের মধ্যে হামলায় নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ১২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও তিন হাজার ২০৮ জন।

অন্যদিকে, গাজা সরকারের মিডিয়া অফিস দাবি করেছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গেল ২৫১ দিনে ইসরাইল ৩ হাজারের বেশিবার চুক্তির শর্ত ভঙ্গ করেছে। তাদের হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে ৩ হাজার ৩৩৮টি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যার ফলে শতাধিক মানুষের প্রাণহানি ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন।

সংস্থাটি আরও জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে প্রায় ১০০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

এ ছাড়া মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রেও চুক্তি অনুযায়ী অগ্রগতি হয়নি বলে অভিযোগ করা হয়েছে। মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, নির্ধারিত ১ লাখ ৫০ হাজার ৬০০টি ত্রাণবাহী ট্রাকের বিপরীতে এখন পর্যন্ত গাজায় প্রবেশ করতে পেরেছে মাত্র ৫৪ হাজার ২৩টি ট্রাক, যা প্রয়োজনের তুলনায় অনেক কম।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন