রাজধানীতে নিজ বাসার নিচে বিএনপি নেতাকে ছুরিকাঘাত
রাজধানীর মোহাম্মদপুরে ওয়ার্ড বিএনপির নেতা মো. নুরুল ইসলামকে (৫৫) তার নিজ বাসার নিচে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত নুরুল মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।
শুক্রবার (১৯ জুন) বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ডিএমপির মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছয় দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে এসে নুরুল ইসলামকে তার বাসার নিচে কুপিয়ে পালিয়ে যায়। এতে তার মুখের বাঁ পাশ, কাঁধ ও বাঁ হাতে গুরুতর জখম হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এডিসি জুয়েল রানা বলেন, রাজনৈতিক বিরোধের জেরে নুরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও র্যাব যৌথভাবে কাজ করছে।
আই/এ