রাজধানীর আরও ১২০ সিগন্যালে বসছে এআই ক্যামেরা
রাজধানীর যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক করতে এবার ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরা ও ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফল পাওয়ার পর এ উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা করেছে ঢাকা মহানগর পুলিশ।
জানা গেছে, প্রথম পর্যায়ে রাজধানীর ১২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় আনা হবে। প্রকল্প বাস্তবায়নে ডিএমপির সঙ্গে সমন্বয় করবে ঢাকার দুই সিটি করপোরেশন। প্রধান সড়কগুলোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ধাপে ধাপে স্বয়ংক্রিয় করার পরিকল্পনা রয়েছে।
সভায় জানানো হয়, এ উদ্যোগ বাস্তবায়নে অতিরিক্ত কোনো বরাদ্দ বা বিশেষ তহবিলের প্রয়োজন হবে না। সংশ্লিষ্টদের মতে, পুলিশের নিজস্ব তহবিল থেকেই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব।
এর আগে গেল বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর জাহাঙ্গীর গেট, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে পরীক্ষামূলকভাবে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়।
চলতি বছরের ৭ মে থেকে পরীক্ষামূলকভাবে এসব ট্রাফিক পয়েন্টে এআই প্রযুক্তি ব্যবহার শুরু করে ডিএমপি। এআইভিত্তিক ক্যামেরায় সড়ক পরিবহণ আইন, ২০১৮ লঙ্ঘন শনাক্ত করার সফটওয়্যার সংযোজন করা হয়েছে।
এমএ//