খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ, ব্যবসায়ী আটক
শেরপুর শহরের একটি রাইস প্রসেসিং মিলে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন ১০০ কেজি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে শহরের চাপাতলী এলাকার একটি রাইস প্রসেসিং মিলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে মিল থেকে ব্যবসায়ী বোরহান উদ্দিনকে (৩২) আটক করা হয়। তিনি শহরের কসবা কাঠগড়া এলাকার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ কেজির সরকারি বস্তায় থাকা খাদ্যবান্ধব কর্মসূচির চাল অন্য বস্তায় স্থানান্তর করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। পরে মিলের ভেতর থেকে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
ধারণা করা হচ্ছে,, হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। এছাড়া আটক ব্যবসায়ী বোরহান উদ্দিনের বিরুদ্ধে এর আগেও সরকারি চাল নিয়ে অনিয়ম ও কারসাজির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, জব্দ করা চাল কীভাবে মিলটিতে এসেছে এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পি/ডি