রিজার্ভ চুরির মামলায় ১০ বাংলাদেশিকে গ্রেপ্তারের প্রস্তুতি সিআইডির
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় চূড়ান্ত অভিযোগপত্র দিতে যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। খসড়া অভিযোগপত্রে নাম থাকা বাংলাদেশি ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৮ জুন) সিআইডির প্রধান, অতিরিক্ত আইজিপি আলী আকবর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যেহেতু এটা সাধারণ কোন মামলা না। অনেক গুলো কারিগরি দিক আছে। অনেক দেশি বিদেশি সংস্থার সহায়তা সিআইডি নিয়েছে। এটার অফিশিয়াল ভার্সনটা পেতে অনেক সময় লেগেছে। কারণ এসব ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে অনুমোদনের দরকার হয়।
সিআইডি প্রধান বলেন, এই মামলার তদন্ত ক্লোজ করে আনা হয়েছে। আমরা আশা করি যে খুব বেশি দেরি হবে না অভিযোগপত্র দিতে।
অভিযোগপত্রে নাম থাকা গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, এটা পুলিশের বিবেচনায় আছে। এ বিষয়ে এখনো কোনো ফাইনাল সিদ্ধান্তে তারা আসেননি। ইনশাল্লাহ অভিযোগপত্র সম্পন্ন হলে পুলিশ অবশ্যই গ্রেপ্তার করবে। মামলার ক্ষেত্রে যা করা প্রয়োজনীয় সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে যা করা দরকার পুলিশ অবশ্যই তা করবে।
সিআইডি সূত্রে জানা গেছে, আলোচিত এ মামলায় মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশি অভিযুক্তদের মধ্যে সাবেক গভর্নর ড. আতিউর রহমান ছাড়াও কে এম আব্দুল ওয়াদুদ, শুভঙ্কর সাহা, রেজাউল করিম, মেজবাউল হক ও আবুল কাসেমসহ আরও কয়েকজনের নাম রয়েছে। এ ১০ অভিযুক্তের মধ্যে ৯ জনই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা।
আই/এ