কিশোরী গৃহকর্মী নির্যাতনের অভিযোগে পুলিশ দম্পতি গ্রেপ্তার
খুলনার সোনাডাঙ্গা এলাকায় এক কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা ও শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন সোনাডাঙ্গা থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র এবং তার স্ত্রী এএসআই পপি মিত্র।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নির্যাতনের শিকার কিশোরীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন। মামলা হওয়ার পরই অভিযুক্ত পুলিশ সদস্য দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়।
বর্তমানে ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কের পাশের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানালা দিয়ে দেখতে পান, কিশোরীকে গরম কড়াই দিয়ে মুখ ও শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, ব্যথায় সরে যাওয়ার চেষ্টা করলে তাকে কান ধরে ওঠবস করানো হয়।
স্থানীয়দের ভাষ্য, হাত থেকে তরকারি পড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্ত্রী পপি মিত্র ওই কিশোরীকে মারধর ও নির্যাতন করেন।
প্রতিবেশীদের অভিযোগ, সঞ্জয় মিত্র ও পপি মিত্র দীর্ঘদিন ধরেই ওই গৃহকর্মীর ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। কিশোরীর শরীরেও পুরোনো আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
ঘটনার সময় আশপাশের লোকজন পুলিশকে খবর দিলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করেন। পরে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভোরে নরসিংদী থেকে খুলনায় এসে ভুক্তভোগীর মা মামলা করেছেন। মামলার ভিত্তিতে অভিযুক্ত পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এসি//