দেশজুড়ে

মরদেহ দেখতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল সিএনজি যাত্রীর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকালে আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাশেম মিয়ার বয়স ৫৫ বছর। তিনি আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া দিক থেকে একটি ট্রাক আখাউড়ার দিকে যাচ্ছিল। একই সময় সিএনজিচালিত একটি অটোরিকশা যাচ্ছিল বিজয়নগরের দিকে। খড়মপুর বাইপাসের চৌরাস্তা এলাকায় পৌঁছালে ট্রাকটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে যাত্রী কাশেম মিয়া গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, এক আত্মীয়ের মেয়ের মৃত্যুর খবর পেয়ে মরদেহ দেখতে যাচ্ছিলেন কাশেম মিয়া। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশা চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ট্রাকটিও পরে ঘটনাস্থল থেকে চলে যায়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, নিহতের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকেই বাড়িতে নিয়ে গেছেন। মানবিক কারণে ময়নাতদন্ত করা হয়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও সিএনজি চালক পালিয়ে গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন