ফুটবল

কেন ফেস মাস্ক পরে খেলেছেন জিদানের ছেলে লুকা

বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকাকে কালো ফেস মাস্ক পরে খেলতে দেখে ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

২৮ বছর বয়সী লুকা জিদান গত বছর আলজেরিয়ার জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি স্প্যানিশ ক্লাব গ্রানাদারের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে বিশ্বকাপ খেলার স্বপ্ন তার জন্য কিছুদিন আগে পর্যন্ত অনিশ্চিত ছিল। এবছরের এপ্রিল মাসে আলমেরিয়ার বিপক্ষে একটি ম্যাচে মুখে গুরুতর আঘাত পান লুকা। সেই ঘটনায় তার চোয়াল ও থুতনির হাড় ভেঙে যায়। একই সাথে তিনি কনকাশনেও (মাথায় আঘাতজনিত সমস্যা) আক্রান্ত হন।

অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে বিশ্বকাপ দলে ডাক পান তিনি। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মাঠে নামার সময় বিশেষ সুরক্ষা জন্য তাকে কালো রঙের শক্ত ফেস মাস্ক ব্যবহার করতে হচ্ছে। যা মুখমণ্ডলকে অতিরিক্ত আঘাত থেকে রক্ষা করে।

বিশ্বকাপ শুরুর আগে নিজের শারীরিক অবস্থার বিষয়ে লুকা বলেছিলেন, ‘আমি এখন ভালো আছি, আর কোনো ব্যথা নেই। অস্ত্রোপচার সফল হয়েছে। পাঁচ সপ্তাহ পেরিয়ে গেছে। দুই সপ্তাহ আগে আবার মাঠে অনুশীলন শুরু করেছি। ফিরে আসতে পেরে আমি খুবই খুশি।’

ফ্রান্সের বয়সভিত্তিক বিভিন্ন দলে খেললেও বাবার মতো সিনিয়র জাতীয় দলে জায়গা পাননি লুকা জিদান। পরে তিনি আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। তার দাদা-দাদি ছিলেন আলজেরিয়ান।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন