ছিনতাইকারীদের হামলায় ওসি-এসআই আহত, আটক চার
রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে চাপাতির আঘাতে ওসি ও এক এসআই আহত হয়েছেন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে মোট চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের তুরাগ হাউজিং এলাকার ডেল্টা গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আদাবর এলাকায় বিকাশ এজেন্টের দোকানে ছিনতাইয়ের পর ‘কব্জি কাটা’ গ্রুপের ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীদের ধারাল অস্ত্রের আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি করলে আমির নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গুলিবিদ্ধ আমিরসহ মোট চারজনকে আটক করা হয়েছে। গুলিবিদ্ধ ছিনতাইকারিকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
আই/এ