আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে কোনো ভুল করিনি : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, প্রথমে আমরা আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি, আমি কোনো ভুল করিনি। ছয়টি শিশুকে অবহেলায় মারা যেতে দেওয়া হবে, আর কর্তৃপক্ষ শান্তিতে থাকবে-এটা হতে পারে না।
মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে হাম চিকিৎসা-সংক্রান্ত ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবায় জবাবদিহি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা জরুরি। কোনো হাসপাতাল বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অবহেলার কারণে রোগীর মৃত্যু ঘটলে তা এড়িয়ে যাওয়া যাবে না। দেশে পরিবর্তন আনতে হবে, আর সেই পরিবর্তন নিজেদের ভেতর থেকেই শুরু করতে হবে।
তিনি বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে এবং দায় নির্ধারণ করা হবে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি বদ্ধ কক্ষে পর্যাপ্ত বায়ু চলাচল ও তদারকির অভাব ছিল এবং দীর্ঘ সময় কোনো চিকিৎসকের উপস্থিতি ছিল না-এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি আরও বলেন, করোনাকালে দেশের চিকিৎসক ও নার্সরা অসাধারণ সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তাদের অবদানের কারণেই বাংলাদেশ তুলনামূলকভাবে কম মৃত্যুহার বজায় রাখতে সক্ষম হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান মন্ত্রী।
আই/এ