দেশজুড়ে

প্রবাসী স্বামীকে বিদায় দিতে গিয়ে স্ত্রীর মৃত্যু, একই পরিবারের ১১ জন আহত

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে প্রবাসী স্বামীকে বিমানবন্দরে পৌঁছে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। নিহত মমতাজ বেগম (৩৫) টঙ্গীবাড়ী উপজেলার বজ্রযোগিনী গ্রামের বাসিন্দা। তার স্বামী মো. লিটন হোসেন (৪০) দুবাইপ্রবাসী।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, সিরাজদীখান থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুবাইয়ে ফেরার উদ্দেশ্যে লিটন হোসেনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে পরিবারের সদস্যদের নিয়ে একটি মাইক্রোবাসে রওনা হন স্বজনরা। পথে কুসুমপুর বউবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ছয়জন ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

এসআই মো. শাহ আলী বলেন, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন