২২ বছরেই না ফেরার দেশে অভিনেত্রী সঞ্চিতা, মৃত্যু ঘিরে ধোঁয়াশা
হিন্দি টেলিভিশন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী সঞ্চিতা উগালের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
মাত্র ২২ বছর বয়সেই নিভে গেলো এই তরুণ তারকার প্রাণ। মহারাষ্ট্রের পালঘর জেলার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা সঞ্চিতাকে ঘরের ভেতর অচেতন অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় অভিনেত্রীর পরিবারও এখন পর্যন্ত কোনো ধরনের সন্দেহ প্রকাশ করেনি। ফলে পুলিশ আপাতত অস্বাভাবিক মৃত্যু হিসেবে মামলাটি তদন্ত করছে।
সঞ্চিতার মৃত্যুকে আরও রহস্যময় করে তুলেছে তার শেষ সময়ের সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রম।
জানা গেছে, মৃত্যুর কিছুক্ষণ আগেও তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন এবং একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তাকে স্বাভাবিক ও প্রাণবন্ত মেজাজেই দেখা যায়, যা ভক্তদের বিস্মিত করেছে।
অল্প সময়েই অভিনয় জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন সঞ্চিতা।
জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’ তে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি। পরে ‘দিলওয়ালে দুলহানিয়া' লে জায়েগি’ধারাবাহিকে ‘সুকুন’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন।
টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছিলেন এই তরুণী অভিনেত্রী। ‘ছাবা’ সিনেমায় তারাবাই চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন।
এছাড়া একাধিক ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের আলাদা দর্শকগোষ্ঠী গড়ে তুলেছিলেন।
সঞ্চিতার অকাল মৃত্যুতে সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ কী, সেই প্রশ্নের উত্তর এখনও অধরাই রয়ে গেছে।