প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৯ বিদেশি নাগরিক আটক

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অভিবাসন আইন বাস্তবায়নের অংশ হিসেবে চালানো দুটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।  

সোমবার (১৫ জুন) সেলাঙ্গরের অভিবাসন বিভাগের সদস্যরা বাতু কেভস এলাকার একটি নাইট মার্কেট এবং সেলায়াং বারুর একটি আবাসিক এলাকায় অভিযান চালায়।  অভিযানে বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ভিসার বৈধতা ও বসবাসের অনুমতি সংক্রান্ত নথিপত্র যাচাই করার পাশাপাশি মোট ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।  

অভিবাসন বিভাগ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে বৈধ কাগজপত্রের অভাব, ভিসার শর্ত লঙ্ঘন এবং অনুমোদনহীনভাবে অবস্থানের মতো অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।  

জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

দেশটিতে অবৈধ অভিবাসন ও অভিবাসন আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে।  দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।     

এদিকে, বিদেশি কর্মী ও বাসিন্দাদের সব সময় বৈধ পাসপোর্ট, ভিসা এবং প্রয়োজনীয় অনুমতিপত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।   

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন