পাটক্ষেতে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে আসাদুজ্জামান (২৪) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) সকালে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদরাসার পাশের পাটক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসাদুজ্জামান (২৪) কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মো. শাহজাহান মন্ডলের ছেলে। তিনি পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে কৃষিকাজ করতেন।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের উদ্ধৃত্তি দিয়ে পুলিশ জানায় , রোববার (১৪ জুন) বাদ আসর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আসাদুজ্জামান। রাত ৮টায় তার সৌদি প্রবাসী দুলাভাইয়ের কাছে মোবাইলে জরুরি ৫ হাজার টাকা প্রয়োজন বলে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সোমবার (১৫ জুন) সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আসাদুজ্জামানের বলে শনাক্ত করেন।
খবর পেয়ে কালুখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পি/ডি