জাতীয়

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, ১ আগস্ট থেকে কার্যকর

ছবি: সংগৃহীত

সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপরিবহন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

সংস্থাটি জানায়, এ বিষয়ে গত ১১ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব গণপরিবহনে জিপিএস প্রযুক্তি সংযুক্ত করতে হবে এবং ডিভাইসটি সবসময় সচল রাখতে হবে।

জিপিএস সংযুক্তির প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে অথবা সংস্থাটির ওয়েবসাইট www.brta.gov.bd থেকে সংগ্রহ করা যাবে।

এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৫ নম্বর ধারা এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৫৫ নম্বর বিধি অনুযায়ী, গণপরিবহনে জিপিএস স্থাপন নিশ্চিত হওয়ার পরই নতুন নিবন্ধন দেওয়া হবে এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন