দেশজুড়ে

ফজরের নামাজ চলাকালে মসজিদে গুলি, আহত ২ মুসল্লি

খুলনায় ফজরের নামাজ আদায়ের সময় মসজিদের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে লোকমান হাকিম (৪৫) এবং একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে আলম মন্ডল (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফজরের নামাজের জন্য মুসল্লিরা কাতারে দাঁড়ানোর পর কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে। পরে তারা লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পাশে থাকা আলম মন্ডলও গুলিবিদ্ধ হন।

গুলিতে লোকমানের মাথায় আঘাত লাগে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

অন্যদিকে, আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ ও ডান হাতের বাহুতে গুলি লেগেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক জানান, হামলার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

এর আগে, দুই দিন আগে খুলনা নগরীর মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় দোকানে বসে থাকা বিএনপি নেতা রফিক গাজীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন