দুই হাত হারানো নূরুল আমিনকে ঘর দিলেন ডেপুটি স্পিকার
নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো অসহায় নূরুল আমিনের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নির্মাণ করে দিয়েছেন নতুন ঘর।
শনিবার (১৩ জুন) দুপুরে নূরুল আমিনের পরিবারের কাছে নবনির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয়।
জানা যায়, সম্প্রতি স্থানীয় একজন সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) নূরুল আমিনের জীবন সংগ্রাম নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। এটি নেত্রকোনা-১ (কলমাকান্দা ও দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এঁর নজরে আসে। অসহায় নূরুল আমিনের খোঁজ খবর নেন ডেপুটি স্পিকার। নূরুল আমিনের বসত ঘরটি জরাজীর্ণ হওয়ায় নিজস্ব অর্থায়নে একটি নতুন ঘর নির্মাণ করেন তিনি। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে নূরুল আমিনের পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়। নতুন ঘর পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন নূরুল আমিনের পরিবার। স্থানীয়রাও ডেপুটি স্পিকারের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
নুরুল আমিন বলেন, আমি একজন হত দরিদ্র মানুষ। দিনমজুরের কাজ করে সংসার চালাতাম। হঠাৎ একদিন কারেন্টের শটে আমার দু'টি হাত চলে যায়। পঙ্গুত্ব বরণ করতে হয়। পরিবারে অন্ধকার নেমে আসে। এরপর থেকে মানুষের কাছে হাত পেতে সংসার চালাতে হচ্ছে। আমার পরিবার নিয়ে থাকার একমাত্র বসত ঘরটিও ছিল জরাজীর্ণ। একদিকে সংসার চালানো অন্যদিকে নিরাপদ আশ্রয়ের অভাব। দুই মিলে খুব খারাপ পরিস্থিতি যাচ্ছিল। এর মধ্যে হঠাৎ একদিন সাংবাদিক আব্দুর রশিদ আমার এই অসহায়ত্বের গল্প তার ফেসবুকে তুলে ধরেন। ওই ভিডিও দেখে আমাদের মানবিক এমপি ও সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় লোক পাঠান। আমার এ অবস্থা দেখে পরিবারের একটি নতুন ঘর নির্মাণ করে দেন। আমি দোয়া করি যিনি আমার পরিবার সন্তান-সন্তুতির জন্য নিরাপদ আশ্রয় তৈরি করে দিয়েছেন, তাঁর জন্য সৃষ্টিকর্তার অশেষ রহমতের আশ্রয় সব সময় থাকে।
এসময় উপস্থিত ছিলেন, এইচ আর নাজিম, জহিরুল ইসলাম, মো. সোলেমান হক, ইমাম ও হাফেজ মাওলানা এমদাদুল হক, সাংবাদিক আব্দুর রশিদ প্রমুখ।
আই/এ