জাতীয়

কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দুই যুগ পর কক্সবাজার সফরে গিয়ে প্রথম কর্মসূচি হিসেবে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) ঢাকা থেকে বিমানে কক্সবাজারে পৌঁছান তিনি।

কক্সবাজারে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সরাসরি সদর উপজেলার পিএমখালী এলাকায় যান। সেখানে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকাল থেকেই পিএমখালীসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

১৯৭৭ সালে গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও সেচ ব্যবস্থায় গতি আনতে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কক্সবাজারের পিএমখালীর পাতলী খাল সেই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ স্মারক। ১৯৭৯ সালের নভেম্বরে এই খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জিয়াউর রহমান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন