অর্থনীতি

সংকট মোকাবিলায় বাজেট সন্তোষজনক, তবে প্রস্তাবিত কিছু বিষয়ে উদ্বেগ রয়েছে : বিকেএমইএ

চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় এবং শিল্প ও বিনিয়োগ খাতকে পুনরুদ্ধারের লক্ষ্যে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সন্তোষজনক বলে মনে করছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ)। বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নেয়া হয়েছে। তবে বাজেটের কিছু প্রস্তাব নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে সংগঠনটি।

শুক্রবার (১২ জুন) বাজেট প্রতিক্রিয়ায় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এ কথা বলেন।

অর্থমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এবারের বাজেটে তৈরি পোশাক শিল্পের দুটি প্রধান প্রত্যাশা ছিলকরব্যবস্থার সংস্কার এবং গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আমদানি সহজ করা। বাজেটে এ দুই ক্ষেত্রেই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাজেটে রপ্তানিমুখী নন-বন্ডেড প্রতিষ্ঠানের জন্য শুল্কমুক্ত সুবিধায় বিদেশ থেকে কাঁচামাল আমদানি এবং দেশীয় বন্ডেড প্রতিষ্ঠান থেকে কাঁচামাল সংগ্রহের সুযোগ রপ্তানি বৃদ্ধি করবে। পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের জন্য বিদ্যমান সুবিধা বহাল রাখা এবং বিভিন্ন প্রণোদনা ও নীতিগত সুবিধার মেয়াদ তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে

তিনি আরও বলেন, পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার আমদানির ওপর ৫ শতাংশ কর আরোপ কতটা সময়োপযোগী ও বাস্তবসম্মত, তা পুনর্বিবেচনা করা উচিত। বর্তমানে দেশে মাত্র একটি প্রতিষ্ঠান এ পণ্য উৎপাদন করে, যা মোট চাহিদার ১০ শতাংশেরও কম পূরণ করতে সক্ষম। দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা থাকলেও তা যেন রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষুণ্ন না করে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে

বিকেএমইএ সভাপতি বলেন, ‘‘দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে বাজেটে পর্যাপ্ত ও সুনির্দিষ্ট পদক্ষেপের অভাব রয়েছে। সৌরবিদ্যুৎ আংশিক সমাধান দিতে পারে, তবে দীর্ঘমেয়াদে টেকসই সমাধানের জন্য দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে হবে।’’

উচ্চ সুদের হারও বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা হিসেবে উল্লেখ করে মোহাম্মদ হাতেম  বলেন, বর্তমানে ১৩ থেকে ১৫ শতাংশ সুদে ঋণ নিয়ে দীর্ঘমেয়াদে ব্যবসা পরিচালনা করা অত্যন্ত কঠিন। ঋণের ব্যয় বেড়ে যাওয়ায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন