ইরানে মার্কিন হামলা শেষ হলেও সতর্ক অবস্থানে সেন্টকম
পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ আর নিরাপত্তা উদ্বেগের মধ্যে এবার ইরানের বিরুদ্ধে পরিচালিত নিজেদের ‘আত্মরক্ষামূলক হামলা’ সমাপ্ত হওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে অভিযান শেষ হলেও সম্ভাব্য যেকোনো হুমকির মোকাবিলায় মার্কিন বাহিনী এখনো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংক্ষিপ্ত এক বিবৃতিতে সেন্টকম জানায়, মার্কিন বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক বাহিনী এবং আঞ্চলিক জলসীমা দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলার ঘটনাও এই পদক্ষেপের পেছনে ভূমিকা রেখেছে।
সেন্টকমের দাবি, মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহার করে হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, স্থলভিত্তিক নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর এই অভিযানের সমাপ্তি ঘোষণা করা হলেও পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম। সংস্থাটির ভাষ্য, যেকোনো ধরনের হুমকি কিংবা আগ্রাসনের জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।
এসি//