দুই ভুয়া পুলিশকে আটক করে পুলিশে দিলো জনতা
নেত্রকোনার কলমাকান্দায় দুইজন ভুয়া পুলিশ কে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মো. সিজন মিয়া (৩৫) ও মো. সুজাত মিয়া (৩৩) নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের বাসিন্দা।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ী এলাকায় থেকে তাদের আটক করা হয়। কলমাকান্দা থানার পরিদর্শক (ওস তদন্ত) সজল সরকার বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বারহাট্টার চিরাম এলাকা থেকে সোহরাব হোসেনকে (২৮) কলমাকান্দার আমবাড়ী গ্রামে তুলে নিয়ে যায়। পুলিশ পরিচয়ে আসামী ধরে আনার বিষয়টি স্থানীয়দের মধ্যে সন্দেহ হয়। পরে তারা সিজন মিয়া ও সুজাত মিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়। তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন ব্যক্তি, স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশ পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ভুয়া হিসেবে চিহ্নিত করে। পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে এবং সোহরাব হোসেনকে উদ্ধার করে।
সজল সরকার জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আই/এ