পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
চট্টগ্রামের মীরসরাইয়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (০৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ এলাকার মধ্যম সোনাপাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় ট্রেনের লোকোমোটিভ বা ইঞ্জিন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকটি রেললাইনের ওপর আটকে থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, ট্রাকটি সরিয়ে রেললাইন সচল করতে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে।
এদিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে সাগরিকা কমিউটার বড়তাকিয়া স্টেশনে, বিজয় এক্সপ্রেস চিনকি আস্তানা স্টেশনে, পর্যটক এক্সপ্রেস ফেনী স্টেশনে এবং সোনার বাংলা এক্সপ্রেস লাকসাম জংশন পার হয়ে আটকে আছে।
রেললাইন থেকে ট্রাকটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।