ঈদ শেষে সবজির বাজারে অস্বস্তি, কমেছে মুরগির দাম
ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীর বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে বাজারে ভিড় কম থাকলেও সবজির দামে স্বস্তি ফেরেনি। সরবরাহ কম থাকার অজুহাতে বেশির ভাগ সবজি আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে। এতে ঈদ-পরবর্তী বাজারে সাধারণ ক্রেতাদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে।
শুক্রবার (০৫ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটির কারণে অনেক পাইকারি আড়ত ও খুচরা দোকান এখনো পুরোপুরি খোলেনি। ফলে বাজারে সবজির সরবরাহ স্বাভাবিকের তুলনায় কম। তবে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ সংকটের অজুহাতে কিছু ব্যবসায়ী বাড়তি দাম নিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি করলা ৬০ থেকে ৮০ টাকা, পটল ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা এবং ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা এবং বেগুন মানভেদে ৬০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া টমেটো ৮০ থেকে ১০০ টাকা, মূলা ৭০ টাকা, ফুলকপি প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা এবং লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
তবে কাঁচামরিচের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। কেজিতে প্রায় ৪০ টাকা কমে বর্তমানে কাঁচামরিচ ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
লেবুর দামও কিছুটা কমেছে। বাজারে এক হালি লেবু বিক্রি হচ্ছে ৮ থেকে ২০ টাকায়। দেশি ধনেপাতা ২৫০ টাকা, হাইব্রিড ধনেপাতা ১৮০ টাকা কেজি এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কেপসিকামের দাম কেজিতে ৩২০ টাকা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে আলু ২৫ থেকে ৩০ টাকা এবং দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে ঈদের পর মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫৫ টাকায়। সোনালি কক মুরগি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ২৮০ টাকা, লাল লেয়ার মুরগি ৩৭০ টাকা এবং দেশি মুরগি ৭৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিমের বাজারে প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ঈদ-পরবর্তী ছুটির কারণে রাজধানীর বেশির ভাগ বাজারে গরু ও খাসির মাংসের দোকান বন্ধ দেখা গেছে।
মাছের বাজারে ইলিশের দাম এখনো চড়া। ৩০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া রুই মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, পাঙ্গাস ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, কৈ ২০০ থেকে ২২০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং দেশি শিং মাছ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
ক্রেতারা বলছেন, ঈদের পর বাজারে সরবরাহ কম থাকলেও দাম নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি প্রয়োজন। তা না হলে ছুটির অজুহাতে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে।
এমএ//