সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাস ও অটোভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত দম্পতির মেয়ে তামান্না খাতুন আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (০৫ জুন) সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেলকুচি উপজেলার আজুগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বেলকুচি উপজেলার আজুগড়া গ্রামের মোতালেব সরকার, তার স্ত্রী ফজিলা খাতুন এবং একই গ্রামের অটোভ্যানচালক মো. নুরু।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম জানান, সকালে একটি যাত্রীবাহী অটোভ্যান মেঘুল্লা এলাকায় পৌঁছালে ভ্যানটির এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটি সড়কের মাঝখানে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোভ্যানচালক নুরু এবং ভ্যানের যাত্রী মোতালেব সরকার ও তার স্ত্রী ফজিলা খাতুন নিহত হন। এ সময় মোতালেব সরকারের কিশোরী মেয়ে তামান্না খাতুন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমএ//