খেলাধুলা

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ যেভাবে দেখতে পারবেন বাংলাদেশি দর্শকেরা

ছবি: সংগৃহীত ফাইল ছবি

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। সবুজ মাঠে গড়াতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর- ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো বাংলাদেশেও শুরু হয়েছে উত্তেজনা, রাতজাগার প্রস্তুতি আর প্রিয় দলের হিসাব-নিকাশ। তবে টুর্নামেন্ট শুরুর আগে দেশের দর্শকদের মনে বড় প্রশ্ন ছিল—বাংলাদেশে আদৌ সরাসরি দেখা যাবে তো ‘গ্রেটেস্ট শো অন আর্থ’? অবশেষে সেই দুশ্চিন্তা কাটতে শুরু করেছে।

সরকারের হস্তক্ষেপে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার সমাধান হয়েছে। তিনটি জাতীয় টেলিভিশন চ্যানেলের একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনতে যাচ্ছে বলে জানা গেছে। এর ফলে বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টসসহ আরও একটি চ্যানেলে এবারের বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ তৈরি হতে পারে।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনেছিল। তবে স্থানীয়ভাবে স্বত্ব বিক্রিতে ব্যর্থ হয়ে প্রতিষ্ঠানটি চুক্তি থেকে সরে দাঁড়ায়। এতে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে টিভি সম্প্রচার নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়।

এই জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি বৈঠকের উদ্যোগ নেয়া হয়। পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালও সহায়ক ভূমিকা পালন করেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সংকট কাটাতে ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিকম প্রতিষ্ঠান এবং একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করা হয়। একই সঙ্গে ডিজিটাল ও টেলিকম খাতকে যুক্ত করে সম্প্রচার স্বত্বের অর্থায়নে নতুন পথ তৈরি করা হয়। এর ফলে সরকারের পক্ষ থেকে কোনো অর্থ ব্যয় করতে হয়নি। জনগণের করের টাকাও এই চুক্তিতে ব্যবহার হয়নি বলে জানা গেছে।

সূত্র বলছে, সম্প্রচার স্বত্বমূল্য ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে। যা স্প্রিংবকের প্রাথমিক দাবি করা ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলারের তুলনায় অনেক কম। সংশ্লিষ্টদের মতে, বেসরকারি বাণিজ্যিক অংশীদারদের একত্রিত করা এবং বিকল্প আয়ের পথ তৈরি করাই এই সংকট সমাধানে বড় ভূমিকা রেখেছে।

টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও বিশ্বকাপ দেখার সুযোগ নিশ্চিত হয়েছে। দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেয়েছে। ফলে বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফিতে বাংলাদেশের দর্শকেরা যেকোনো স্থান থেকে সরাসরি বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন।

বাংলালিংক জানিয়েছে, তাদের গ্রাহকেরা টফিতে বিশ্বকাপ লাইভ দেখার সুযোগ পাবেন। তবে এজন্য নির্দিষ্ট প্যাক কিনতে হবে। বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে উচ্চমানের স্ট্রিমিং সুবিধায় খেলা উপভোগ করতে পারবেন।

অন্যদিকে গ্রামীণফোনও ফিফা বিশ্বকাপ ২০২৬-এর স্ট্রিমিং স্বত্ব অর্জনের কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে বাংলাদেশের দর্শকদের জন্য বিশ্বকাপের ১০৪টি ম্যাচই সরাসরি দেখানো হবে। বায়োস্কোপ প্লাসের পাশাপাশি মাইজিপি অ্যাপ এবং স্কিটো অ্যাপেও ম্যাচগুলো সরাসরি দেখা যাবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে নতুন ফরম্যাটে মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন