মব করে বিজিবির জব্দ করা পিকআপ ছিনিয়ে নিলো চোরাকারবারিরা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মব সৃষ্টি করে বিজিবির জব্দ করা চোরাই পণ্যবোঝাই একটি গাড়ি ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চোরাকারবারিদের বিরুদ্ধে।
বুধবার (০৩ জুন) বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টাও করা হয় বলে জানা গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কসবার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে আনা চোরাই পণ্য নয়নপুর বাজারের বিভিন্ন গুদামে রাখা হয়। পরে সুযোগ বুঝে এসব পণ্য গাড়িতে করে বিভিন্ন স্থানে পাচার করা হয়।
বুধবার দুপুরে কয়েকজন চোরাকারবারি একটি পিকআপ ভ্যানে করে চোরাই পণ্য পাচারের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করেন। এ সময় চোরাকারবারিরা পণ্যগুলো বৈধ দাবি করে গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য বিজিবি সদস্যদের ওপর চাপ সৃষ্টি করতে থাকে।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে সেখানে আরও লোকজন জড়ো করে মব তৈরির চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রক্তপাত এড়াতে জব্দ করা গাড়িটি ছেড়ে দিতে বাধ্য হয় বিজিবি।
এ বিষয়ে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শফিউল ইসলাম বলেন, চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে জব্দ করা গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে গুলি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে রক্তপাত এড়াতে বাধ্য হয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএ//