দেশজুড়ে

নদী থেকে ভেকু দিয়ে বালু উত্তোলন, ৭০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদী থেকে ভেকু (এক্সকাভেটর) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোহাম্মদ শামীম হোসেন নামে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৩ জুন) বিকেলে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে অভিযান চালিয়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আসিফ আলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করতোয়া নদী থেকে ভেকু ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (২০২৩ সংশোধিত) অনুযায়ী মোহাম্মদ শামীম হোসেনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ভেকুটিও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার টাকা নগদ পরিশোধ করেন শামীম হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী বলেন, নদীর তীরে ভেকু দিয়ে বালু উত্তোলনের দায়ে শামীম নামে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে সতর্ক করা হয়েছে যে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন শাস্তিযোগ্য অপরাধ।

পরবর্তীতে একই ধরনের অপরাধ করলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন