সুদের টাকা নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, মা-ছেলে আটক
নেত্রকোণার কেন্দুয়ায় সুদের দুই হাজার টাকা নিয়ে বিরোধের জেরে মিলন মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মা ও ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বুধবার (০৩ জুন) দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া ওই গ্রামের আমজুদ আলীর ছেলে। আটকরা হলেন একই গ্রামের হাবিয়া বেগম (৫৫) ও তার ছেলে ইমন মিয়া (২২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সুদের পাওনা দুই হাজার টাকা নিয়ে মিলন মিয়ার সঙ্গে ইমন মিয়ার মা হাবিয়া বেগমের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ইমন মিয়া ঘটনাস্থলে এসে দা দিয়ে মিলনের গলার বাম পাশে কোপ দেন। এতে গুরুতর আহত হন মিলন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা অভিযুক্ত ইমন মিয়া ও তার মা হাবিয়া বেগমকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি মেহেদী মাকসুদ জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মা-ছেলেকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএ//