ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার (০৪ জুন) তার বাংলাদেশ সফর শুরু হওয়ার কথা রয়েছে।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
আগামী ৬ জুন সফরের শেষ দিনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আবারও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে।
এটি বর্তমান সরকারের মেয়াদে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিভিন্ন খাতে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সহযোগিতা রয়েছে। সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেন। সেই সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।
এসি//