খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
মঙ্গলবার (২ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।
প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, আমি আত্মবিশ্বাসী, আপনার সুদক্ষ নেতৃত্বে সাধারণ পরিষদ সব সদস্য রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে যাবে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জনগণ এবং বৃহত্তর অঞ্চলের জন্য একটি গর্বের মুহূর্ত।
একই সাথে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে খলিলুর রহমনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তিনি।
এর আগে সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। মোট ১৯০টি ভোটের মধ্যে তিনি পান ৯৯টি ভোট, আর প্রতিদ্বন্দ্বী পান ৯১টি ভোট।
আগামী ৮ সেপ্টেম্বর এই অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। তিনি আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন।
আর/আই