বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাশেদ কাজী (২০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রাশেদ লবণচরা থানার কৃষ্ণনগর এলাকার আনিসুর কাজীর ছেলে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন, লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) পিযুষ দাশ।
নিহতের বড় ভাই কাজী রাইসুল বলেন, সকালে আমি ঘরে ঘুমিয়ে ছিলাম। পরে ছোট ভাইয়ের স্ত্রীর মাধ্যমে জানতে পারি সোয়া ১১টার দিকে রাশেদের পরিচিত এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলভিটা এলাকায় রাশেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
এর আগে, গত ১৯ মার্চ নিহত রাশেদের বাড়িতে ঢুকে তার বাবা, মা, বড় ভাই ও স্ত্রী ফাহিমাকে গুলি করে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে রাশেদ একটি মাদক মামলায় কারাবন্দি হয়েছিলেন। সেখানে তার সাথে ইমরান নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয়। পরবর্তীতে ইমরানের বাড়িতে রাশেদ যাতায়াত শুরু করেন। প্রায় ছয়-সাত মাস আগে ইমরান আবারও এক মামলায় কারাগারে গেলে রাশেদ ইমরানের স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন। ধারণা করা হচ্ছে, এর জেরে ওই হামলা হয়েছিল এবং মঙ্গলবার রাশেদকে হত্যা করা হয়েছে।
হত্যাকাণ্ডের সঙ্গে রাশেদের পরিচিতরা জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।
আর/আই