মেঘনার তীরে পর্যটকের ওপর হামলা, সকল দোকান উচ্ছেদ
চাঁদপুরে মেঘনা নদীর তীর সংলগ্ন বড় মোলহেড এলাকায় ফুচকা নিয়ে অভিযোগ করায় এক পর্যটকের ওপর ফুচকা ব্যবসায়ীর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানদার মিলনকে পুলিশ আটক করেছে। এদিকে হামলার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই এলাকায় থাকা সব দোকান উচ্ছেদ করেছে প্রশাসন।
সোমবার (১জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমতুল্লাহ ও চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী হিমাদ্রী খীসা নেতৃত্বে বড়স্টেশন মোলহেড এলাকায় উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এর আগে ঈদের ৩য় দিন ৩১ মে বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে আসা একটি পরিবারের উপর হামলা চালায় এক ফুচকা বিক্রেতা।
জানা গেছে, ওই পরিবারটি আত্মীয়-স্বজনসহ একটি দোকানে ফুচকা খেতে যায়। এ সময় তাদের মধ্য থেকে একজন ফুচকার স্বাদ নিয়ে কথা বললে তাৎক্ষণিক ফুচকার দোকানদার তাদের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওই দোকনদার একজনের গায়ে হাত এতে ওই পর্যটকের গায়ে থাকা টি-শার্টটি ছিড়ে যায়।
পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত মোলহেড এলাকাটি চাঁদপুরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
জেলা প্রশাসন জানিয়েছে, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার কারণে এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছিল। পাশাপাশি পর্যটকদের হয়রানির অভিযোগও বাড়ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমতুল্লাহ জানান, বড় স্টেশন মোলহেডের সৌন্দর্য রক্ষা করা সবার দায়িত্ব। ভবিষ্যতে এখানে পর্যটনবান্ধব আধুনিক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।
আই/এ